মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:
ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার চার্জশিটে আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতার নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে দিনাজপুরের ঘোড়াঘাটে মানববন্ধন করেছেন ছাত্রদল, ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঘোড়াঘাট থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় স্থানীয় এক ছাত্রনেতা ঘোড়াঘাট থানায় মামলা (জিআর নং-১২৯/২৪) দায়ের করেছিলেন। কিন্তু তদন্ত শেষে দাখিল করা চার্জশিটে আওয়ামী লীগের পদধারী কয়েকজন নেতার নাম বাদ দেওয়া হয়েছে।
তাদের দাবি, তদন্ত কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সার্কেল এএসপির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। তারা চার্জশিট পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত অভিযুক্তদের অন্তর্ভুক্ত করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “তদন্ত কর্মকর্তা স্বাধীনভাবে তদন্ত পরিচালনা করেছেন এবং তার মূল্যায়নের ভিত্তিতেই চার্জশিট দাখিল করেছেন। এখানে কোনো অবৈধ লেনদেন বা অনিয়মের সুযোগ নেই।”
এ ঘটনায় অভিযোগকারীদের দাবি ও পুলিশের বক্তব্যে ভিন্নমত দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়ার দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।