পরিতোষ কুমার বৈদ্য:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মাদার নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর পরিবর্তে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় রমজাননগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে প্রাক্তন ইউপি সদস্য মো. আনারুল ইসলামের বাড়ি সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন গ্রাম্য চিকিৎসক কিরণ চন্দ্র পরমান্য, মো. রেজাউল ইসলাম, শেখ মিজানুর রহমান, মো. মুনছুর গাইন, রমেশ চন্দ্র মণ্ডল, ফজিলা খাতুন, রাবেয়া খাতুন, গহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আলামিন হোসেন এবং সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বাধন মণ্ডলসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, রমজাননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড, নুরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এবং কৈখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীর্ঘদিন ধরে মাদার নদীর ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো ব্যবহার করে চলাচল করছেন। সাঁকোটি অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়ায় প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে।
তারা আরও বলেন, এই সাঁকো দিয়ে ১০৪ লক্ষ্মীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরবনগর দারুল উলুম বালিকা দাখিল মাদ্রাসা, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল হোসেন মাধ্যমিক বিদ্যালয়, গহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন পেশার মানুষ নিয়মিত যাতায়াত করেন।
এছাড়া রমজাননগরের বদ্দিপাড়া এলাকায় সুপেয় পানির সংকট থাকায় স্থানীয়রা নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের জেলা পরিষদের সরকারি দিঘি থেকে এই সাঁকো ব্যবহার করে পানি সংগ্রহ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, জরাজীর্ণ সাঁকোর কারণে জরুরি রোগী ও প্রসূতি নারীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয়। ইতোমধ্যে একাধিক দুর্ঘটনাও ঘটেছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
মানববন্ধন থেকে এলাকাবাসী দ্রুত মাদার নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।