সিকদার শাহ আলম লিমনঃ
“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো ‘ক্যাশলেস বোয়ালমারী’ কার্যক্রমের উদ্বোধন করেছে পূবালী ব্যাংক পিএলসি। বুধবার সকালে বোয়ালমারী পৌরসভার নিউ মার্কেট বাজারে পূবালী ব্যাংক পিএলসি, বোয়ালমারী শাখার উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান এবং পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও আরআরএম শেখ মোহাম্মদ মারুফ হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, বোয়ালমারী শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার সমীর কুমার সাহা। এছাড়াও বোয়ালমারী বাজারের ব্যবসায়ী, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশে নতুন নোট ছাপাতে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল বা ক্যাশলেস লেনদেন বাড়ানো গেলে এই ব্যয় কমানোর পাশাপাশি লেনদেন হবে আরও নিরাপদ, স্বচ্ছ ও দ্রুত। তারা ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মোবাইল ও ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান।
দুই দিনব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহকদের বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সেবা, কিউআর (QR) কোডের মাধ্যমে অর্থ গ্রহণ, কার্ড ও মোবাইল ব্যাংকিং ব্যবহারসহ ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সুবিধা সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে।