ফিরোজ আলম:

 

রাজশাহীর পবা-মোহনপুরকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে দলীয়করণের পরিবর্তে মেধাকে প্রাধান্য দেওয়ার অঙ্গীকার করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে মোহনপুর উপজেলা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও এমপি মিলনকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এমপি মিলন বলেন, এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের দলীয়করণ করা হবে না। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ নিশ্চিত করা হবে।

 

আসন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলের পক্ষ থেকে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করা হবে। একজন প্রার্থীকে সমর্থন দেওয়ার পর সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

 

জাতীয় সংসদে রাজশাহীর কৃষকদের অধিকার ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে এমপি মিলন বলেন, পবাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। রাজশাহীর পানের ভাইরাস সমস্যার সমাধান এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে একটি কার্গো বিমানবন্দর স্থাপনের দাবি ইতোমধ্যে সংসদে উত্থাপন করা হয়েছে।

 

তিনি আরও বলেন, কৃষকদের বীজ সংরক্ষণের জন্য বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণ এবং আধুনিক সেচব্যবস্থা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ কাজের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।

 

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দেশের পানির ন্যায্য হিস্যা আদায় এবং জাতীয় স্বার্থ রক্ষায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এমপি মিলন। তিনি বলেন, পবা-মোহনপুরের মানুষের ভালোবাসা ও আস্থাকে সম্মান জানিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত এলাকার উন্নয়নে কাজ করে যেতে চান।

 

অনুষ্ঠানে মোহনপুর উপজেলা মহিলা দলের নেত্রী ও কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন।

 

অনুষ্ঠানে জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন, নওহাটা পৌরসভার সাবেক মেয়র মকবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, সাধারণ সম্পাদক এস এম মতিউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, মহিলা দলের আহ্বায়ক মৌটুসি সুলতানা রুমা, সদস্য সচিব ববিতা খাতুন, ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।