সিকদার শাহ আলম লিমনঃ

 

মহান মুক্তিযুদ্ধের সাহসী সন্তান ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুর্গাপুর গ্রামের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা এস. এম রকিব আলী আর নেই। সোমবার (২০ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

 

মঙ্গলবার (২১ জুলাই) সকালে নিজ গ্রাম দুর্গাপুর সিকদার বাড়ী আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, ফরিদপুর জেলা পুলিশের একটি চৌকশ দল এবং বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান জানান দেশের এই বীর সূর্য্য সন্তানকে।

 

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা এস.এম রকিব আলী কর্মজীবনে বিজেএমসি’র নিয়ন্ত্রনাধীন প্লাটিনাম জুবিলী জুট মিলে ডেপুটি জেনারেল ম্যানেজার ও ক্রিসেন্ট জুট মিলে প্রোডাকশন ম্যানেজার হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রে দক্ষতা ও সততার জন্য তিনি সহকর্মীদের কাছে ছিলেন সমাদৃত। এছাড়াও তিনি খুলনা মহামেডান স্পোর্টিং ক্লাবের একজন খেলোয়াড় হিসেবে ক্রীড়াঙ্গনেও পরিচিত ছিলেন। কর্মজীবন শেষে তিনি নিজ গ্রাম দুর্গাপুরে অবসর জীবন অতিবাহিত করছিলেন। এসময় তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথেও যুক্ত ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে রনি শিকদার স্বাস্থ্য বিভাগে কর্মরত এবং মেজ ছেলে সালেহ আহমেদ বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই)। একমাত্র মেয়ে জান্নাতুত তাসনীম বিবাহিত।

 

স্বজনরা জানান, রকিব আলী শিকদার ছিলেন সৎ, বিনয়ী, দেশপ্রেমিক ও মানবিক গুণাবলির অধিকারী একজন মানুষ। মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতার জন্য তাঁর অবদান যেমন ছিল গৌরবোজ্জ্বল, তেমনি ব্যক্তি জীবনেও তিনি ছিলেন সমাজের সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধাভাজন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

নিহতের বড় ছেলে রনি শিকদার সবার কাছে তাঁর পিতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুর ২টায় দুর্গাপুর দুর্গাপুর সিকদার বাড়ী আহলে হাদিস জামে মসজিদ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

 

বীর মুক্তিযোদ্ধা এস. এম রকিব আলীর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।