মোক্তার হোসেনঃ
রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন সোমবার (২০ জুলাই) পাংশা উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন।
জানা যায়, জেলা প্রশাসক আফরোজা পারভীন সোমবার বিকালে পর্যায়ক্রমে পাংশা উপজেলা পরিষদ আয়োজিত পাংশা উপজেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরে এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্কুল বেঞ্চ, ক্রীড়া সামগ্রী, স্যানেটারী ন্যাপকিন, হাইজিন সামগ্রী, লাইট, সিলিং ফ্যান, সাউন্ড সিস্টেম, হারমোনিয়াম ও দোলনা বিতরণ, পাংশা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত (অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত) অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন, গৃহ মঞ্জরি বাবদ অর্থ বিতরণ ও খাদ্য উপকরণ বিতরণ, পাংশা উপজেলা প্রশাসন আয়োজিত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরে পাংশা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ কর্মসূচিতে যোগ দেন।
এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক আফরোজা পারভীন শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। বাল্যবিয়ে, মাদক, মোবাইল আসক্তি ও আত্মহত্যার প্রবণতা রোধ করতে সমন্বিত প্রচেষ্টার আহবান জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, বিদ্যালয়ে হাইজিনের বিষয়ে প্রায়োরিটি দিতে হবে। বিদ্যালয়ে যদি ওয়াশরুম ও পরিবেশ ভালো থাকে তাহলে শিক্ষার্থীরা স্কুলমুখী হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার-সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। যারা সংস্কৃতির চর্চা করেন তাদের মন নরম থাকে। তারা ফুল দেখলে হাসেন, ফুল ভালোবাসেন। গান-কবিতা ভালোবাসেন।
জেলা প্রশাসক আফরোজা পারভীন আরো বলেন, আমাদের ক্লাসে অনেক পিছিয়ে পড়া বাচ্চা আছে। তারা হয়তো সমস্যায় জর্জরিত। তাদেরকে ডেকে সমস্যা সমাধান করার পরামর্শ প্রদান করে তিনি বলেন, এক্ষত্রে প্রয়োজনে ইউএনও বা আমার সহায়তা নিতে পারেন। আমাদের সকলের সহায়তা নিতে পারেন।
শিক্ষকদের দায়িত্ব পালনে আরো আন্তরিক হওয়ার গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মানবিক দিকগুলো বেশি প্রসারিত করতে হবে। মানবিক দিকগুলো ফুটিয়ে তুলতে হবে। বাচ্চারা মানুষ হোক, এ প্লাস মানুষ হোক, তাদেরকে স্বপ্ন দেখাতে হবে। স্বপ্ন না দেখলে লক্ষ্য অর্জন করা যায় না।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম আব্দুল হান্নান ও পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুন্নাহার প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-মাদ্রাসার প্রধানগণ এবং নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সুবিধাভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।