আনিসুর রহমানঃ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিষধর সাপের কামড়ে মাহাবুবুর রহমান (৪৫) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) রাত ১০টার দিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

নিহত মাহাবুবুর রহমান উপজেলার পাঁকা ইউনিয়নের মৃত হারুন অর রশিদের তৃতীয় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পাঁকা বাজারে পল্লী চিকিৎসক হিসেবে সাধারণ মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে আসরের নামাজ আদায় শেষে তিনি নিজের ওষুধের দোকানে যান।

 

পরে প্রাকৃতিক প্রয়োজন সারতে দোকানের পেছনে গেলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। প্রথমে বিষয়টি তিনি বুঝতে না পারলেও কিছু সময়ের মধ্যে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

 

পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা এবং অ্যান্টিভেনম প্রয়োগ করেন। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক জানান, হাসপাতালে আনার পর তার শরীরে সাপের বিষক্রিয়ার লক্ষণ পাওয়া যায়। দ্রুত অ্যান্টিভেনম দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

 

মাহাবুবুর রহমানের আকস্মিক মৃত্যুতে পাঁকা বাজারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষ্য, তিনি ছিলেন একজন মানবিক ও পরিচিত পল্লী চিকিৎসক। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।

 

মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এমন দোয়া করেছেন স্থানীয়রা।