মোঃ ইপাজ খাঁঃ

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজ হওয়ার তিনদিন পর আলী হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে বাড়ির পাশের একটি জমিতে বর্ষার পানিতে তার মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

 

নিহত আলী হোসেন মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহাদেবপুর গ্রামের মো. আব্দুল আহাদ এর ছেলে। তিনি পেশায় একজন হোটেল বয় ও রাজমিস্ত্রি ছিলেন।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে আলী হোসেন বাড়ি থেকে স্থানীয় হরষপুর রেলওয়ে স্টেশন বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় গত দুই-তিন দিন ধরে তার বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সন্ধান চেয়ে পোস্টও করেছিলেন।

 

আজ সকালে বাড়ির অদূরে একটি জমিতে বর্ষার পানিতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী মাধবপুর থানা পুলিশকে খবর দেয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) বিল্লাল মিয়া জানান, আলী হোসেনের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে।