আব্দুল হামিদ মিঞা:
“ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)”-এর আওতায় রাজশাহীর বাঘা উপজেলার চারজন মৎস্যচাষীর মাঝে ৪০ হাজার মাছের পোনা, মৎস্য খাদ্য, চুন ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। প্রত্যেক চাষীকে ১০ হাজার করে মাছের পোনা দেওয়া হয়।
রোববার (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপকারভোগী চারজন চাষী হলেন—
মো. মনিরুল ইসলাম (তেঁথুলিয়া মাঝপাড়া)
লামইয়া খাতুন (গড়গড়ী)
সুমাইয়া খাতুন (আরিফপুর, বাজুবাঘা)
মো. জমির উদ্দিন (সোনাদহ, আড়ানী)
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছ চাষের প্রদর্শনী খামার স্থাপনের লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি প্রদর্শনী খামারের জন্য ২০ শতক আয়তনের একটি পুকুর নির্ধারণ করা হয়েছে।
উপকারভোগীরা জানান, সরকারি এ সহায়তা তাদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করবে এবং স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক উপস্থিত ছিলেন।