মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:

 

“লক্ষ্য মোদের কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্বহীন সমাজ, আত্মনির্ভরশীলতা, স্বচ্ছতা ও ঐক্যবদ্ধ আমরা”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকালে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

এ সময় দিনাজপুর জেলা এক্সিকিউটিভ রোমেনা আক্তার মনি বলেন, স্মার্ট উদ্যোক্তা একটি মানবিক সংগঠন। সংগঠনটি মানবিক সহায়তা প্রদান, আত্মনির্ভরশীলতা ও স্বচ্ছলতা গড়ে তোলা এবং পরিবেশ সংরক্ষণে নিয়মিত কাজ করে যাচ্ছে। এসব কার্যক্রমে আর্থিক সহযোগিতা করছে আয়শা নুরুল আলম ফাউন্ডেশন।

 

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যেই এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব ফাতেমা খাতুন, স্থায়ী সদস্য সানজিদা চৌধুরী, সহ-আহ্বায়ক (অর্গানাইজেশন টিম) সোনিয়া ইসলাম, হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক হামিদা আক্তার ডালিম, সদস্য রাকিব হাসান রিফাত, দোলা আনছারি, মনিরা মনি, শাপলা শারমিন, আইরিন খাতুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।