আরিফুল ইসলাম জয়ঃ

 

কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক অভিযানে তিন চোরা কারবা‌রি‌কে আটক করা হয়েছে। এ সময় ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের মূল্য প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা।

 

শুক্রবার (১৭ জুলাই) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীন সোনাহাট ও ধলডাঙ্গা বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিন চোরা কারবা‌রিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

এছাড়া ব্যাটালিয়নের অধীন অন্যান্য বিওপির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় জিরা, গবাদিপশু এবং বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেন। জব্দ করা সব পণ্যের মোট সিজার মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।

 

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।