আরিফুল ইসলাম জয়ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে অভিযান চালিয়ে দীর্ঘদিনের অভিযুক্ত মাদক ব্যবসায়ী মর্জিনা আক্তার ওরফে গেন্দি (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) দুপুর ৩টার দিকে পরিচালিত এ অভিযানে তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বানুরকুঠি এলাকার বাসিন্দা মর্জিনা আক্তার ওরফে গেন্দি দীর্ঘদিন ধরে সোনাহাট স্থলবন্দর এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য পরিবহনের কাজে আসা ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের কাছে তিনি নিয়মিত ইয়াবা ও গাঁজা বিক্রি করতেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি পোল্ট্রি মুরগির দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করতেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় সচেতন জনগণের সহযোগিতায় পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ৫৬ হাজার ২৯০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন-এর উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মুখে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে অভিযুক্তকে ভূরুঙ্গামারী থানা হাজতে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।