নুরুল ইসলামঃ
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সদরপুর উপজেলার শাহজালাল হোটেলে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী হোটেল মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের জন্য সতর্ক করা হয়।
এদিকে উপজেলার পূর্বশ্যামপুর এলাকায় পৃথক অভিযানে লাইসেন্স, রেজিস্ট্রেশন সনদ ও ট্যাক্স টোকেন ছাড়া মোটরসাইকেল চালানো এবং নাম্বারপ্লেটবিহীন যানবাহন ব্যবহার করার অপরাধে ৬টি মামলায় ৬ জন মোটরসাইকেল আরোহীকে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে ভোক্তার অধিকার রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। একই সঙ্গে সকল ব্যবসায়ী ও যানবাহন চালকদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।