আনিসুর রহমান:
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম এলাকায় গরু ডাকাতির চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পালানোর সময় তারা একটি খালের কচুরিপানার নিচে লুকিয়ে পড়লেও গ্রামবাসীর টানা প্রায় ৯ ঘণ্টার তল্লাশির পর শেষ পর্যন্ত ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ছোট চৌগ্রাম বাজার এলাকায় একটি ট্রাক থেকে গরু ডাকাতির চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে অভিযুক্ত চারজন পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুজন পাশের একটি খালের ঘন কচুরিপানার মধ্যে ঝাঁপ দিয়ে আত্মগোপনের চেষ্টা করে।
এরপর স্থানীয় লোকজন দীর্ঘ সময় ধরে খালজুড়ে তল্লাশি চালিয়ে কচুরিপানার ভেতর থেকে ওই দুইজনকে বের করে আটক করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের সময় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পরে তাদের নিরাপদে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। তার তত্ত্বাবধানে আটক দুইজনকে প্রশাসনের হেফাজতে নেওয়া হয় এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়।
স্থানীয় যুবক রাকিব বলেন, “কচুরিপানার নিচে লুকিয়ে তারা হয়তো পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এলাকাবাসীর নজর এড়াতে পারেনি।”
তবে এ ঘটনায় আটক দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তাদের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।