পরিতোষ কুমার বৈদ্য:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবারগুলোর আয় বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৭২ জন নারী-পুরুষের মাঝে ১,৮০০টি মুরগির বাচ্চা এবং মুরগির খাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় ৭১ নম্বর বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর সহযোগিতায় এবং ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণপ্রাপ্ত ৭২ জন উপকারভোগীর প্রত্যেককে এক মাস বয়সী ২৫টি করে মিশরীয় ফাওমী জাতের মুরগির বাচ্চা এবং ১৫ কেজি করে মুরগির খাদ্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসের সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্ত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জুর হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সিআরসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, জেন্ডার অফিসার নওমী বিশ্বাসসহ সিএফ সদস্যরা।
ইউপি সদস্য মঞ্জুর হোসেন বলেন, গাবুরা ইউনিয়নে ফেইথ ইন এ্যাকশন মুরগি বিতরণসহ বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। উপকারভোগীরা যেন সঠিকভাবে এসব সহায়তা ব্যবহার করেন, সে জন্য নিয়মিত মনিটরিং করা হবে। তিনি মুরগিগুলোর যথাযথ পরিচর্যার মাধ্যমে আয় বৃদ্ধির আহ্বান জানান।
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম বলেন, ফেইথ ইন এ্যাকশনের কার্যক্রম গাবুরা ইউনিয়নে ইতিবাচক পরিবর্তন আনছে। বিতরণ করা সম্পদগুলো নিজের সম্পদ মনে করে যত্নের সঙ্গে পালন করলে পরিবারগুলোর অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।
প্রধান অতিথি সুদীপ্ত কুমার বিশ্বাস বলেন, পরিবারগুলোর আয় বৃদ্ধির লক্ষ্যে ফেইথ ইন এ্যাকশন গরু, ছাগল ও মুরগি বিতরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বিতরণ করা ফাওমী জাতের মুরগি অধিক ডিম উৎপাদন করে। তাই নিয়মিত টিকাদান ও সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। এ উদ্দেশ্যে ফেইথ ইন এ্যাকশন ১৫ জন স্বেচ্ছাসেবককে পাঁচ দিনের প্রশিক্ষণ দিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।
আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোর পুষ্টি নিশ্চিত হওয়ার পাশাপাশি বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি হবে এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।