সাহিদা পারভীন:
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে দিনব্যাপী কালুখালী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।
সকালে তিনি কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য উন্নতমানের বেড প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীসেবা ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি প্রজনন স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান উম্মন, সহকারী কমিশনার (ভূমি) সামস্ সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, গাইনি কনসালটেন্ট ডা. নাহিদা ইয়াসমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুশরা বিনতে জাফরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এরপর জেলা প্রশাসক কালুখালী থানা, রতনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।