নুরুল ইসলাম:

 

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের বাঙ্গালকান্দা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে।

 

সোমবার (১৩ জুলাই) বিকেলে জালাল খান ও ফারুক মাতুব্বরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হন এবং কয়েকটি বাড়িঘরে ভাঙচুর করা হয়।

 

খবর পেয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ এবং নগরকান্দা-সালথা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশ ফারুক মাতুব্বর ও জালাল খানের বাড়ি থেকে বস্তাভর্তি ইটের টুকরা উদ্ধার করেছে। সংঘর্ষে এসব ইট ব্যবহার করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।