সাহিদা পারভীন:

রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

 

সোমবার দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার বোয়ালিয়া চরনারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সঙ্গে বাসটি ট্রাকটিকেও সজোরে ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে।

 

এ ঘটনায় পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকচালক ও পিকআপচালকসহ মোট তিনজন আহত হন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে উল্টে থাকা ট্রাক থেকে চালককে জীবিত উদ্ধার করেন।

 

আহতদের প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

 

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।