আব্দুল হামিদ মিঞা:

রাজশাহীর বাঘা উপজেলায় চুরি যাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই একটি ট্রাক উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। পাবনা জেলার ভাঙুরা থানার করতকান্দি এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর পালিয়ে যায়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই বিকেলে বাঘা উপজেলার নারায়ণপুর বাজারে অসিত সাহার দোকানের সামনে ট্রাকটি পার্কিং করে রেখে যান চালক। পরদিন ১০ জুলাই সকাল ৭টার দিকে এসে ট্রাকটি না পেয়ে মালিক জগদীশ সাহা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে ট্রাকের সন্ধান না পেয়ে তিনি বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগের ভিত্তিতে বাঘা থানায় ৩৭৯/৩৪ দণ্ডবিধির ধারায় মামলা (মামলা নং-৯, তারিখ: ১০/০৭/২০২৬) রুজু করা হয়। মামলার তদন্তের দায়িত্ব পান থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদ।

 

তদন্তের অংশ হিসেবে এসআই বজলুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মামলার বাদী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এরপর নারায়ণপুর বাজারসহ বিভিন্ন ফিলিং স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। চারঘাট ও বানেশ্বর মোড়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনি ট্রাকটির গতিপথ শনাক্ত করেন।

 

একই সঙ্গে গোপন সোর্স নিয়োগ এবং সন্দেহভাজনের ব্যবহৃত মোবাইল নম্বরের কললিস্ট বিশ্লেষণের মাধ্যমে ট্রাকটির সম্ভাব্য অবস্থান শনাক্ত করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় বাঘা থানা পুলিশের একটি দল স্থানীয় পুলিশের সহযোগিতায় শনিবার (১১ জুলাই) দুপুরে পাবনার ভাঙুরা থানার করতকান্দি এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করে জব্দ করে।

 

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক চুরির সঙ্গে জড়িত মূল আসামি ট্রাক ফেলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ট্রাক উদ্ধারের পর মালিকের পক্ষ থেকে বাঘা থানা পুলিশকে ধন্যবাদ জানানো হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও পুলিশের তৎপরতা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

 

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “অপরাধী যত কৌশলই করুক না কেন, অপরাধ সংঘটনের সময় কিছু না কিছু চিহ্ন রেখে যায়। জনগণের সহযোগিতা ও পুলিশের পেশাদার তদন্তের ফলেই আমরা দ্রুত ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হয়েছি।”

 

তিনি আরও বলেন, “আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ তালিকা ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে ট্রাকটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।”