বাদশাহ মিয়া:
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাকে শুভেচ্ছা জানান হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।
সোমবার (১৩ জুলাই) সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর-বরিশাল মহাসড়ক হয়ে মুকসুদপুর অতিক্রম করেন প্রধানমন্ত্রী।
এ সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বরইতলা এলাকায় সমবেত হন। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর গাড়িবহর বরইতলা এলাকা অতিক্রম করার সময় কয়েক কিলোমিটারজুড়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান। এ সময় বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ির ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।