মোঃ আমিরুল ইসলাম:
নাটোরের নলডাঙ্গা পৌরসভার কুটিরপাড়া এলাকায় পুকুরে ডুবে ফাতেমা খাতুন (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন কুটিরপাড়া এলাকার মো. ফিরোজ হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত ফাতেমা পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় নিহত শিশুর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।