ফিরোজ আলমঃ

 

রাজশাহীর মোহনপুর উপজেলার ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন শ্যামপুর হাটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন বালাইনাশক বিক্রি এবং মজুদ রাখার অপরাধে একটি কৃষি উপকরণের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩ টার সময়ে উপজেলার শ্যামপুর হাটে পরিচালিত এ অভিযানে মেসার্স মহসিন কৃষি ঘর-কে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক সংরক্ষণ, বালাইনাশকের প্যাকেটের লেবেল বিনষ্ট করা এবং ভোক্তাদের কাছে অনুমোদনহীন বালাইনাশক বিক্রি ও মজুদ করার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ও (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ফাহিমা বিনতে আখতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন এবং উপসহকারী কৃষি অফিসারগণ’রা।

 

উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে “মেসার্স মহসিন কৃষি ঘর” নামে একটি কৃষি উপকরণের দোকানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন বালাইনাশক বিক্রি এবং মজুদ রাখার সত্যতা পাওয়া গেছে। এ অপরাধে প্রচলিত আইনে দোকানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এবং ফসলের ক্ষতি রোধে অনুমোদিত ও মানসম্মত কৃষি উপকরণ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি মেয়াদোত্তীর্ণ কিংবা অনুমোদনহীন বালাইনাশক বিক্রি বা মজুদ রাখে, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। “জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।”

 

উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভবিষ্যতেও এ রকম কর্মকান্ড কোন ব্যবসায়িক করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাশাপাশি কৃষি উপকরণ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।