আনিসুর রহমানঃ

 

নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিহারকোল-গালিমপুর এলাকায় বড়াল নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজে অতিরিক্ত মালবাহী যানবাহন নিয়ন্ত্রণে স্থাপিত উচ্চতা নিয়ন্ত্রণকারী লোহার ব্যারিয়ার একাধিকবার গাড়ির ধাক্কায় বাঁকা হয়ে ঝুলে পড়েছে। ব্যারিয়ারের দুটি খুঁটিও স্থানচ্যুত হওয়ায় ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার করছেন পথচারী ও যানবাহনের চালকেরা।

 

স্থানীয়দের অভিযোগ, ব্যারিয়ার স্থাপনের পরও সেখানে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড, উচ্চতা-সীমা নির্দেশক বা রিফ্লেক্টর বসানো হয়নি। এছাড়া প্রবেশমুখে ঝুলানো বিভিন্ন ব্যানার-ফেস্টুনের কারণে দূর থেকে ব্যারিয়ারটি স্পষ্ট দেখা যায় না। ফলে প্রায়ই ট্রাক ও বাস এতে ধাক্কা দিচ্ছে।

 

আব্দুল আওয়াল, মতিউর রহমান এবং নাজমা আক্তারসহ স্থানীয় পথচারীরা জানান, ব্যারিয়ারের দুটি খুঁটি সরে যাওয়ায় সেগুলো অস্থায়ীভাবে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। একই সঙ্গে ব্রিজের বেশিরভাগ পাটাতনও ক্ষয়প্রাপ্ত হয়ে পড়েছে। দ্রুত ব্যারিয়ার মেরামত, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং ক্ষতিগ্রস্ত পাটাতন সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক বলেন, বিষয়টি পরিদর্শন করা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য সংশ্লিষ্ট দপ্তরকে তাগাদা দেওয়া হচ্ছে।

 

নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান সরকার জানান, ব্রিজটি পরিদর্শনের জন্য আমাদের প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে। অতিদ্রুত এ সমস্যার সমাধান করা হবে।