আরিফুল ইসলাম জয়:

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে বাংলাদেশি জাল টাকা দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার টাকার বাংলাদেশি জাল নোট জব্দ করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক কারবারি বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে দেশে এনে বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এসআই (নিরস্ত্র) আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল ছায়া তদন্ত শুরু করে।

 

তদন্তের ধারাবাহিকতায় সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজারসংলগ্ন ভারতীয় সীমান্তগামী কাঁচা রাস্তা থেকে মো. আনোয়ার মিয়া (পিতা: কুদ্দুস মিয়া), গ্রাম: কানিবাড়ি, মইদাম, ৬ নম্বর ওয়ার্ড, পাথরডুবি ইউনিয়নের বাসিন্দাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার টাকার বাংলাদেশি জাল নোট উদ্ধার করা হয়।

 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি বাংলাদেশি জাল নোট ব্যবহার করে ভারতীয় সীমান্তের কাঁটাতারসংলগ্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে বাংলাদেশে এনে বিক্রি করতেন। আটক হওয়ার সময় তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন বলেও পুলিশ জানায়।

 

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশি জাল নোট নিজের হেফাজতে রাখার অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাকারবারিরা অধিক মুনাফার আশায় বাংলাদেশি জাল নোট ব্যবহার করে থাকে। তাই সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষকে মুদ্রা লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি।