ইসমাইল হোসেন বাবু:

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও বিএমটিএ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক সৌরভ হোসেন এবং বিডিপিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফার্মাসিস্ট আরিফুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় দুই ঘণ্টার কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

 

সোমবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ভেড়ামারা ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কেন্দ্রীয় বিএমটিএ কমিটির ডাকে এ কর্মসূচি পালন করেন স্থানীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

 

কর্মসূচি চলাকালে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, চিকিৎসাসেবার সঙ্গে জড়িত দায়িত্বশীল ব্যক্তিদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

 

হামলার ঘটনার পরও মূল অভিযুক্তদের আইনের আওতায় আনা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

 

এ সময় চিকিৎসক, নার্স এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট মো. শাহ কামাল শহীদ, সিনিয়র ফার্মাসিস্ট আবু জাহিদ এবং ফিজিওথেরাপিস্ট শিমুল আলম।

 

দুই ঘণ্টার প্রতীকী কর্মবিরতি চলাকালে হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকলেও বহির্বিভাগে সেবা নিতে আসা রোগীরা কিছুটা ভোগান্তির শিকার হন। তবে আন্দোলনকারীরা জানান, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই তারা এ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।