মানিক কুমার দাসঃ
ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ফরিদপুরের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আব্দুল হালিম।
এছাড়াও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ফরিদপুরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, এবারের জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রতিপাদ্য “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ”। তারা বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে দেশের অন্যতম বৃহৎ সরকারি প্রতিষ্ঠান। ড. আখতার হামিদ খানের প্রবর্তিত ‘কুমিল্লা মডেল’-এর ধারাবাহিকতায় ১৯৮২ সালে প্রতিষ্ঠিত বিআরডিবির মূল লক্ষ্য হলো প্রান্তিক কৃষক ও ভূমিহীন জনগোষ্ঠীকে সমবায়ের আওতায় সংগঠিত করে প্রশিক্ষণ, ঋণ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করে তোলা।
সভায় বক্তারা টেকসই পল্লী উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে বিআরডিবির কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।