রনি আহমেদ রাজু:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মাগুরার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার নিশাত আল নায়হান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবি, মাগুরার উপপরিচালক মো. আরিফুল ইসলাম।
বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম এবং টেকসই পল্লী উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায় সংগঠনের প্রতিনিধি, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে চারজন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে মোট ৮ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।