হুমায়ন আহমেদঃ
প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ পর্ষদ সভা এবং সংস্থার প্রয়াত সাধারণ পর্ষদের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুর ২টায় সংস্থার নিজস্ব সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মোছাঃ রোকেয়া বেগম। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে সংস্থার প্রয়াত সাধারণ পর্ষদের সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন সংস্থার সাধারণ পর্ষদের সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক মোঃ বিল্লাল হোসেন। তিনি সংস্থার প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন, যুব দক্ষতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্থার কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সভায় কোষাধ্যক্ষ আবদুর রাজ্জাক বিগত অর্থবছরের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব উপস্থাপন করেন। তিনি সংস্থার আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে উপস্থিত সাধারণ পর্ষদের সদস্যরা প্রতিবেদন পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন।
এ সময় সদস্য মোশাররফ হোসেন, আশাবুল হক, আতিয়ার রহমান, আহসান কবীর, বনি ইয়ামিন, আফরোজা খাতুন, বিপুল হোসেন, সাইদুর রহমান, উম্মে তাবাচ্ছুমসহ অন্যান্য সদস্য বক্তব্য রাখেন। বক্তারা সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যতে আরও কার্যকর ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভায় কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং দরিদ্র ও অসহায় মানুষের জন্য টেকসই উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে সংস্থার সার্বিক উন্নয়ন, দেশ ও জাতির কল্যাণ এবং প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।