খন্দকার সাইফুল্লা আল মাহমুদঃ
নড়াইলে চোর সন্দেহে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর নিহত প্রতিবন্ধী যুবক আনোয়ার মোল্যা হত্যা মামলার আসামি আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) ভোরে যশোর জেলার নারকেলবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া আসামি আকাশ বিশ্বাস (২৫) নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়ার প্রভাষ বিশ্বাসের ছেলে।
নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের সরকেলডাঙ্গা গ্রামের কাওছার উদ্দিন মোল্যার ছেলে প্রতিবন্ধী আনোয়ার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে আট দিন ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২ জুলাই সকালে মারা যান। ওই দিন বিকালে মৃতদেহ বাড়িতে পৌঁছায়।
সন্ধ্যায় স্থানীয় মাদরাসা প্রাঙ্গণে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারসহ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাঁশগ্রাম বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে নিহতের বাড়ির সন্নিকটে সরকেলডাঙ্গা মাদরাসার সামনে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন নিহতের স্বজন ও স্থানীয় নেতারা।