ইসমাইল হোসেন বাবু:
কুষ্টিয়ার কুমারখালীতে কালী নদী থেকে ভাসমান অবস্থায় রাফিদ হাসান কনক (২৪) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) সকাল ৮টার দিকে উপজেলার লালন শাহ মাজার মাঠসংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাফিদ হাসান কনক কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কায়ুম আলীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লালন শাহ মাজার মাঠসংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকায় ভাসমান অবস্থায় কনকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিবন্ধী যুবকটি কোনো কারণে নদীর কিনারায় পানিতে নামতে গিয়েছিলেন। সাঁতার না জানার কারণে তিনি পানিতে ডুবে মারা যেতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।