মুন্সী সাদেকুর রহমান শাহীনঃ

 

গোপালগঞ্জে তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন মোল্লাকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধাগণ।

 

রোববার (২১ জুন) সকাল ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলা ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর উদ্যোগে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ বোরহান উদ্দিন, সাবেক উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা ছবেদ আলী ভূঁইয়া ও ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন মোল্লা সহ অন্যরা বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারেফ হোসেন মোল্লার সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

 

এছাড়া, অপপ্রচার বন্ধ এবং প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করার জন্য গনমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। মানববন্ধনে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মিথ্যা সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানিয়েছেন।

 

মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধাগণ বিক্ষোভ র‍্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।