মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:

 

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী অভিযানে ৭১৮ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৭ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

মঙ্গলবার (১৬ জুন) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে এ তথ্য জানা যায়।

 

বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্পের অধীনস্থ কাটলা বিওপি গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভারতীয় সীমান্তের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৭১৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।

 

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক এবং এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

 

তিনি আরও বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কোনো তথ্য থাকলে তা বিজিবিকে জানিয়ে সহযোগিতা করার জন্য সীমান্তবাসীর প্রতি আহ্বান জানান তিনি।