আলিফ হোসেন:
‘হারবে দারিদ্র্য, জিতবে মানবতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার যুবদলের সদস্য সচিব, হক ফাউন্ডেশন ও হিন্দোল সেবা সংস্থার নির্বাহী পরিচালক শরিফ উদ্দিন মুন্সীর পরিবার মেধাবী শিক্ষার্থী মাহমুদার পরিবারের পাশে দাঁড়িয়েছে।
তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর হাটের এক চা-দোকানির মেয়ে মাহমুদা চলতি বছর জামালপুর মেডিকেল কলেজ-এ ভর্তির সুযোগ পেয়েছেন। তার লেখাপড়ার খরচে সহযোগিতার জন্য শরিফ উদ্দিন মুন্সী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
রোববার (১৪ জুন) বিকেলে কৃষ্ণপুর গ্রামে মাহমুদার বাড়িতে গিয়ে তার বাবার হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন শরিফ উদ্দিন মুন্সী।
এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মুর্তুজা, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সম্পাদক আব্দুল গাফ্ফার এবং পাঁচন্দর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও বিএনপি নেতা মাইনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জানা গেছে, এর আগে শনিবার স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান মাহমুদার পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এছাড়া তানোরের মাদারীপুর গ্রামের বাসিন্দা ও যুক্তরাষ্ট্র প্রবাসী আহম্মদ হোসেন ‘আহম্মদ চ্যারিটি’র পক্ষ থেকে একটি কঙ্কাল (শিক্ষা উপকরণ) প্রদানের আশ্বাস দেওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
উল্লেখ্য, তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের এক চা-দোকানির মেয়ে মাহমুদা এ বছর জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। তবে আর্থিক সংকটের কারণে তার পরিবার লেখাপড়ার ব্যয় বহন নিয়ে দুশ্চিন্তায় পড়ে।
এ বিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং অনলাইন সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি জনসমক্ষে আসে। এরপর থেকেই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তার সহযোগিতায় এগিয়ে আসছেন।