আমজাদ আলী:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফসার আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, কাহারোল উপজেলার ১ নম্বর ডাবর ইউনিয়নের মাল্টার মোড় এলাকায় গত ১ আগস্ট ২০২৫ তারিখে প্রায় ২০ থেকে ২৫ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে নিয়ে দিনাজপুর জেলা ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ তাৎক্ষণিকভাবে দুইজন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে। এ সময় ৬টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং একটি ব্যানার জব্দ করা হয়।
এ ঘটনায় কাহারোল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় দায়ের করা একটি মামলায় আফসার আলীকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার অভিযানে কাহারোল থানা ও বোচাগঞ্জ থানা পুলিশ যৌথভাবে অংশ নেয়। পরে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, এর আগে তিনি দুটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন এবং পরে জামিনে মুক্তি পান।
এ বিষয়ে কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার (১১ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।