আব্দুল হামিদ মিঞা:

 

পিরিয়ডকালীন লজ্জা কাটিয়ে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বাঘা উপজেলার ১০টি বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ মে) রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়।

 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে মেশিনটির উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শাম্মী আক্তার।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এজাজুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলামসহ রহমতুল্লাহ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

উদ্বোধনের পর ইউএনও শাম্মী আক্তার মেগাফোনে ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “নারীদের বিশেষ সময়ে অনেকেই লজ্জায় কিছু বলতে পারেন না। এখন থেকে লজ্জা কাটিয়ে নিজেরাই নিজেদের স্বাস্থ্য রক্ষায় ব্যক্তিগতভাবে সামান্য টাকার বিনিময়ে মেশিনে রক্ষিত স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারবেন।

 

স্থাপিত মেশিনটিতে বোতাম চাপলেই প্যাড সংগ্রহ করা যাবে। এর ফলে জরুরি প্রয়োজনে ছাত্রীদের আর বাড়ি ছুটতে হবে না বা লজ্জায় ক্লাস মিস করতে হবে না।”

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়, আড়ানী মনোমহনী সরকারি উচ্চ বিদ্যালয়, মনিগ্রাম উচ্চ বিদ্যালয়, পারশাওতা-বিনোদনপুর উচ্চ বিদ্যালয়, ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়, বাউসা উচ্চ বিদ্যালয়সহ মোট ১০টি স্কুলে এই Diva ভেন্ডিং মেশিন স্থাপন করা হচ্ছে।

 

ইউএনও শাম্মী আক্তারের পরিকল্পনায় ও উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে এটি বাস্তবায়ন করা হয়।