এখলাস উদ্দীনঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের কুমোরপুর গ্রামে তুষার আলী (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ মে) সকালে গ্রামের একটি বাঁশঝাড়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে ছুটে যান। সংবাদ পেয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, ঘটনার আগে তুষার আলী মোবাইল ফোনে এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেনি পুলিশ। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।