নুরুল ইসলামঃ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেল ৪টায় নগরকান্দা উপজেলার শহীদ আকরামুন্নেছা বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ (এমপি)।

 

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

 

এর আগে একই দিনে বেলা ২টায় চরযশোরদী ইউনিয়ন বিএনপি এবং বেলা ৩টায় তালমা ইউনিয়ন বিএনপি পৃথকভাবে দোয়া মাহফিলের আয়োজন করে। এসব কর্মসূচিতেও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে নগরকান্দা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।