মোঃ আরিফুল হাসানঃ

 

বিএনপিকে ধ্বংস করতে এবং বিএনপির রাজনীতিকে নস্যাৎ করতে যতবার আক্রমণ, হামলা ও মামলা করা হয়েছে, বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদের পতাকা ততবার শক্ত হাতে ধরেছে” — এমন মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

 

রোববার বিকেল ৫টায় ফরিদপুরের মধুখালী উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, “আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য। ২০০৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিশটি বছর দেশের মানুষের জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে গেছে। যারা এই অপকর্মের সঙ্গে জড়িত, তারা এই সময় ফিরিয়ে দিতে পারবে না।”

 

তিনি আরও বলেন, “এ দেশের মানুষ নতুন ধরনের রাজনীতি চায়। আমাদেরকে সেইভাবে এগিয়ে যেতে হবে। দেশকে ধ্বংস ও পিছিয়ে দিতে প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা ঘটানো হচ্ছে। জাতীয়তাবাদের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশকে রক্ষা করতে হবে। রাজনীতিকে কখনো ব্যবসায় পরিণত করা যাবে না।”

 

মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি মুহম্মদ হায়দার আলী মোল্যার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা বাকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহিম ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মহিলা দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।