শামসুর রহমান:
মাগুরার শালিখা উপজেলার শতখালী দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হাফিজুর রহমান ডিবি পুলিশ পরিচয়ে প্রতারক চক্রের শিকার হয়েছেন। রবিবার (৮ মার্চ) দুপুরে প্রশাসনের ভুয়া পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৫৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক শালিখা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৩৪৮) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে মাওলানা হাফিজুর রহমানের মোবাইলে একটি কল আসে। কলদাতা নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে জানায় যে, তার ছেলেকে ইয়াবাসহ আটক করা হয়েছে। পরে মামলার ভয় দেখিয়ে প্রতারক চক্রটি দ্রুত টাকা দাবি করে। আতঙ্কিত হয়ে তিনি দুটি মোবাইল ব্যাংকিং নম্বরে মোট ৫৫ হাজার ৫০০ টাকা (৩০ হাজার ও ২৫ হাজার ৫০০) পাঠিয়ে দেন।
টাকা পাঠানোর কিছুক্ষণ পর নম্বরগুলো বন্ধ পাওয়া গেলে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে তিনি শালিখা থানায় উপস্থিত হয়ে বিষয়টি অবহিত করেন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।