মোঃ আরিফুল হাসান:
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের পূর্বপাড়া নীলির মাঠে অবস্থিত মিঠুন শেখের বসতঘর ও ৩টি গরু এবং কয়েকটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছে মিঠুন শেখের পরিবার।
রোববার দিবাগত রাত পৌনে ১০টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
মিঠুন শেখ পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। তিনি একজন ভ্যানচালক। তার বাবা নেই, পুরো পরিবারই তার ওপর নির্ভরশীল। বসবাসের একমাত্র ঘরটিও সম্পূর্ণ পুড়ে যাওয়ায় পরিবারটি এখন খোলা আকাশের নিচে।
ভাগ্যের নির্মম পরিহাস—সামনে ঈদ। যখন সবাই আনন্দ-উৎসবের প্রস্তুতি নিচ্ছে, তখন মিঠুন শেখের পরিবার সর্বস্বান্ত। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে আয়ের একমাত্র উৎস গরু-ছাগল—সবই আগুনে পুড়ে ছাই।
মিঠুন শেখের স্ত্রী, বৃদ্ধা মা এবং ছোট ছোট সন্তানদের চোখে এখন অনিশ্চয়তা আর কান্নার ছাপ। যে শিশুদের মুখে ঈদের হাসি থাকার কথা ছিল, আজ তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ঢাকা।
স্থানীয়রা জানান, মিঠুন শেখ সারা জীবন পরিশ্রম করে সংসার গুছিয়েছিলেন, যা এক মুহূর্তেই শেষ হয়ে গেছে। তারা দেশের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন—মোহাম্মদ মিঠুন শেখের পরিবারের পাশে যেন সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ডুমাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম মোল্যা জানান, রোববার দিবাগত রাত আনুমানিক পৌনে ১০টার দিকে আগুনে মিঠুন শেখের বাড়ি পুড়ে যায়। মধুখালী ফায়ার সার্ভিস এর একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোমবার দুপুরে ড. মো. ইলিয়াছ মোল্লা, ফরিদপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং সরকারি অনুদানের আশ্বাস দেন।