ইসমাইল হোসেন বাবুঃ

 

আচরণবিধি ভঙ্গের দুটি অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এ জরিমানা করেন।

 

নির্বাচনী বিচারিক আদালত সূত্রে জানা গেছে, আমির হামজার নির্বাচনী এলাকায় টানানো ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা না থাকায় তার বিরুদ্ধে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে অভিযোগ জমা পড়ে। এটি নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫-এর ৭(ঝ) ধারা লঙ্ঘন।

 

এছাড়া তার ব্যানারে নির্ধারিত আকারের চেয়ে বড় মাপের ছবি ব্যবহারের আরও একটি অভিযোগ জমা পড়ে, যা আচরণ বিধিমালার ২৫-এর ৭(ছ) ধারা লঙ্ঘন।

 

এ প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে নির্বাচনী বিচারিক আদালতের বিচারক আরিফুল ইসলাম আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।