মানিক কুমার দাস:
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় লিপি খাতুন (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে মধুখালী থানার নওপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওপাড়া থেকে বোয়ালমারীর দিকে মোটরসাইকেল চালানোর সময় লিপি খাতুন হঠাৎ মোটরসাইকেলের পেছন থেকে সড়কে পড়েন। এ সময় পিছন থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা ট্রাক ও মোটরসাইকেলের নম্বর শনাক্ত করতে পারেননি। খবর পেয়ে মধুখালী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মুক্তার হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কোনো আসামি শনাক্ত বা গ্রেফতার করা যায়নি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।