নাঈম ইসলাম:

 

রংপুর নগরীর তাতিপাড়া এলাকায় মনোমালিন্যের জেরে বাগবিতণ্ডার একপর্যায়ে চাবির আঘাতে অটোচালক আমিনুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

 

ঘটনার পরপরই অভিযুক্ত বন্ধু বিজয় ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যায়। বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনারের নির্দেশনায় ডিবি বিভাগের একটি চৌকস টিম, ডিসি (ডিবি)-এর তত্ত্বাবধানে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

 

অভিযানের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল আসামি বিজয় মোহান্ত (৩১), পিতা: বিশু মোহান্ত, সাং: কামাল কাছনা, বৈরাগীপাড়া—কে রংপুর জেলার তারাগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যান্য দিক ও সম্ভাব্য সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

 

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, নগরবাসীর জানমাল রক্ষায় তারা সর্বদা তৎপর রয়েছে এবং যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।