সোহাগ কাজী:

 

মাদারীপুর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার রাত ৩টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামে এ অভিযান পরিচালিত হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

মাদারীপুর সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সারোয়ার এবং ক্যাপ্টেন মোনায়েম শারজিল-এর নেতৃত্বে এই ঝটিকা অভিযান চালানো হয়। সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বড়মেহের গ্রামের ইদ্রিস হাওলাদার নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তার বাড়ির বাগান ও আশপাশে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত করে রেখেছে।

 

অভিযান চলাকালীন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইদ্রিস হাওলাদার ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে নিম্নলিখিত সরঞ্জামগুলো উদ্ধার করা হয়—

ককটেল: ৪০টি

বল্লম: ৯৪টি

ঢাল: ৩৩টি

চাপাতি: ৪টি

রামদা: ৩টি

চাইনিজ কুড়াল: ২টি

এছাড়াও বিপুল পরিমাণ অন্যান্য দেশীয় অস্ত্র

 

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। সেনা কর্মকর্তারা জানান, পলাতক অভিযুক্ত ইদ্রিস হাওলাদার ও তার সঙ্গীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা নিশ্চিত করেছেন।