বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

 

ফরিদপুর-১(বোয়ালমারী–আলফাডাঙ্গা–মধুখালী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দোকার নাসিরুল ইসলামের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে গণসংযোগ করেছেন হিন্দু মহাজোট নেতা সুবাস সাহা।

 

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা উপজেলার মধুনগর গ্রামে মাতুয়া সম্প্রদায়ের আয়োজনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে সুবাস সাহা বলেন, “আমার বাল্যবন্ধু খন্দোকার নাসিরুল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। আপনারা তাকে ভোট দিলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন।”

অনুষ্ঠান চলাকালে মাতুয়া সম্প্রদায়ের পক্ষ থেকে একটি বাদ্যযন্ত্রের দাবি জানানো হলে সুবাস সাহা তাৎক্ষণিকভাবে সেটি ক্রয় করে দেন। এ ঘটনায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

 

স্থানীয়রা জানান, নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এলাকায় গণসংযোগ জোরদার করছেন, যার অংশ হিসেবেই এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।