মোঃ আলম মৃধা:

 

নরসিংদীর শিবপুর উপজেলায় পুটিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলহাজ্ব গিয়াস উদ্দিন মোল্লার বাড়ির সামনের উঠান থেকে ৩৩১টি গুলি উদ্ধার করা হয়েছে। আজ (২৪ জানুয়ারি) শনিবার সকাল প্রায় ১১টার দিকে মাটিতে পুতে রাখা পরিত্যক্ত অবস্থায় ৩৩১টি গুলি খুঁড়ে উদ্ধার করেছে শিবপুর মডেল থানার পুলিশ।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুটিয়া ইউনিয়নের ভরতের কান্দি হাজী গিয়াস উদ্দিন মোল্লার বাড়ির উঠানে ছোট ছোট বাচ্চারা ক্রিকেট খেলার সময় ক্রিকেট ব্যাটের সঙ্গে মাটির নিচ থেকে একটি গুলি বের হয়। তখন গিয়াস উদ্দিন মোল্লার ছেলে শিবপুর মডেল থানা পুলিশকে অবগত করলে, পুলিশ এসে মাটি খুঁড়ে গুলি উদ্ধার করে শিবপুর মডেল থানায় নিয়ে যায়।

 

উদ্ধারকৃত গুলির মধ্যে রয়েছে:

২৪০টি পুরাতন মরিচা পড়া গুলি

৩২টি পুরাতন পিছনের অংশ মরিচা পড়া গুলি

৩২টি সামনের অংশ মরিচা পড়া গুলি

২৭টি পুরাতন গুলি ভাঙা টুকরা অংশবিশেষ

মোট ৩৩১টি গুলি শিবপুর মডেল থানার পুলিশ জব্দ করেছেন।

 

এলাকাবাসী জানায়, আলহাজ্ব গিয়াস উদ্দিন মোল্লা পুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক একাধিক বার মেম্বার ছিলেন। বর্তমানে বার্ধক্যজনিত কারণে অসুস্থ এবং দুই চোখে কিছুই দেখেন না। তার বয়স প্রায় ৮০ হবে, ওনার সন্তানরা প্রবাসী এবং কর্মব্যস্ত জীবনযাপন করছেন।

 

এলাকাবাসী আরও জানান, আলহাজ্ব গিয়াস উদ্দিন মোল্লাকে হেয়প্রতিপূর্ণ ও মান সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে শত্রুতার জের হিসেবে এগুলো মাটির নিচে পুতে রাখা হতে পারে। কি কারণে গুলি গুলো তার বাড়িতে পুতে রাখা হয়েছে তার কোনো সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, গত ২৪ আগস্ট ২০২৪ইং নরসিংদীর জেলা কারাগার ও থানায় লুট হওয়া বিভিন্ন অস্ত্র, গুলি ও আসবাবপত্র ভরতের কান্দি গ্রাম থেকে নরসিংদীর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শিবপুর মডেল থানার পুলিশ খবর পেয়ে পরিত্যক্ত হিসেবে উদ্ধার করে নিয়ে গিয়েছিল।

 

এ বিষয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া বলেন, “শিবপুর মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা বর্তমানে স্বাভাবিক আছে। থানা পুলিশ দিবারাত্র পরিশ্রম করে যাচ্ছেন। অপরাধী যে কেউ হোক, তাদেরকে ছাড় দেওয়া হবে না।”