মোঃ নুরুল ইসলাম:
ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেলের প্রচণ্ড ধাক্কায় রোহান (৪) নামের এক শিশু নিহত এবং শাহাদাৎ (১০) নামের অপর এক শিশু গুরুতর আহত হয়েছে। নিহত রোহান উপজেলার ওয়াজ হাওলাদার কান্দি গ্রামের প্রবাসী মিরাজ খানের ছেলে। আহত শাহাদাৎ একই গ্রামের হারুন খানের ছেলে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সদরপুর উপজেলা চন্দ্রপাড়ার সাইকান্দা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, রোহান ও শাহাদাৎ রাস্তা পারাপারের সময় দ্রুতগতিসম্পন্ন একটি মোটরসাইকেলের সঙ্গে প্রচণ্ড ধাক্কা লেগে পড়ে যায়। আত্মীয়স্বজন ও স্থানীয়রা শিশু দু’টিকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলিয়া জাহান আঁচল রোহানকে মৃত ঘোষণা করেন। অপর শিশু শাহাদাতের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পরপরই মোটরসাইকেলটি দ্রুতবেগে পালিয়ে যায়।
এ প্রসঙ্গে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ্ বলেন, নিহতের পরিবার থেকে কোনো মামলা দায়ের করা হয়নি, তবে একটি ইউডি কেস করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।