মিজান উর রহমানঃ

 

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে আনজিরা বেগম (৫৮) নামে এক মহিলা মারা গেছেন।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারী ২০২৬) বিকেল ৫ টায় উপজেলার ছোলনা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আনজিরা বেগমের পরিচয় পাওয়া গেছে। তিনি আলফাডাঙ্গা উপজেলার যুগিবরাট গ্রামের মৃত জিন্নাত মোল্যার স্ত্রী। তিনি তাঁর ছেলে আনিচের (৪০)-কে নিয়ে ছোলনায় একটি ভাড়া বাসায় বাস করতেন।

 

স্থানীয় সুত্র থেকে জানা যায়, ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী লোকাল ট্রেন ছোলনা নান্নু কাউন্সিলরের বাড়ির সামনে রেলগেটে পৌঁছলে শ্রবন প্রতিবন্ধি বৃদ্ধা আনজিরা বেগম ট্রেনের নিচে পড়ে যান। তিনি রেল লাইনের অপর পাশ থেকে কাপড় নিয়ে ফেরার সময় স্লিপ করে রেললাইনের উপর পড়ে গিয়ে দূর্ঘটনার সম্মুখীন হন।

 

ট্রেনে কাটা পড়ে দেহ থেকে মাথা ও একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। বোয়ালমারী থানার অফিসার- ইন-চার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশ আইনগত ভাবে বিষয়টি দেখবেন।