ইসমাইল হোসেন বাবু:
গণভোটে ভুল সিদ্ধান্ত নিলে বাংলাদেশকে আবারও চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ এবং দেশ পরিচালনার ব্যবস্থাপক নির্বাচনের ক্ষমতাও তাদের হাতেই ন্যস্ত।
ভোটের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি ভোট গ্রহণে বিঘ্ন ঘটাতে চায় কিংবা কোথাও কোনো চিহ্নিত অপরাধী থাকে, তবে পুলিশ তাকে অবশ্যই আটক করবে। নির্বাচনের পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ২০২৪ সালে যে পরিস্থিতির প্রেক্ষাপটে গণঅভ্যুত্থান হয়েছিল, ভবিষ্যতে যাতে তেমন পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য সংস্কার করা প্রয়োজন। তিনি বলেন, নির্বাচনে সবাই যাতে ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে অংশ নিতে পারেন, সে জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় গণভোটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে প্রচার গাড়ির মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন।
খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম খান।
অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা আসন্ন গণভোটে সাধারণ ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন।