মো. জিয়াউর রহমানঃ

 

কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে একটি ওয়ান শুটার গানসহ দুটি অস্ত্র ও একটি কার্তুজ (গুলি) উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে দৌলতপুর সদর ইউনিয়নের চক দৌলতপুর ইনসানমোড় এলাকার মোকলেছুর রহমানের বাঁশবাগানে তল্লাশি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

 

অপরদিকে একই দিন বিকেল ৩টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নওদাপাড়া মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করে পুলিশ।

 

তবে উদ্ধারকৃত অস্ত্রগুলোর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার বা শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় দৌলতপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রতিটি ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।